মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধিঃ
রংপুর মহানগরে মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১৭ নম্বর ওয়ার্ডের কথিত মাদক সম্রাট রশিদুল ইসলাম ওরফে ‘ভেজাল’ (৩৬)-কে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ডিবির একটি চৌকস দল কোতয়ালী থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ভগী বালাপাড়া এলাকার নিরিবিলি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় আসামির কাছ থেকে ৫.৫ গ্রাম হেরোইন এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রশিদুল ইসলাম ওরফে ‘ভেজাল’ রামপুরা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।
আরপিএমপি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ডিবির এই সফল অভিযানকে স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকলে মহানগরে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
