মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মো. লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌতম কুমার সিংহ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে রোগীর স্বজনদের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার এবং মারমুখী আচরণ করছিলেন।
গ্রেফতারকৃত গৌতম কুমার সিংহ ধাপকটকীপাড়া এলাকার মৃত সুনীল চন্দ্রের ছেলে।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
