সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে ৩ আগস্ট ২০২৬ ভোর ৬টা ৪৫ মিনিটে ভালুকা মডেল থানার হবিরবাড়ী লবনকোটা এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন কোম্পানির চারটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গ্রেফতার হন পাগলা থানার দত্তপাড়ার মো. মাসুদ রানা (৪০), কোতোয়ালী থানার চরগোবদিয়া মধ্যপাড়ার মোছা. রুপা আক্তার (২১), পাগলা থানার দত্তের বাজার বামুনখালীর মো. শাকিল শেখ (২০) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার হাড়িনাল উত্তরপাড়ার মো. সাজ্জাদ হোসেন (২৫)।

একই দিন রাত ৮টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার ময়নার মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মধ্য বাড়েরা এলাকার মো. রানা মিয়া (২৮) ও মো. জাকিরুল ইসলাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতের ঘটনায় ভালুকা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের দাবি, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *