মো: নাসির উদ্দিন
রাজশাহী
ভাড়ার সিন্ডিকেট ও অতিরিক্ত সংরক্ষণ খরচের প্রতিবাদে রাজশাহী জেলার আলু ব্যবসায়ীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আলু কেনাবেচা বন্ধ ঘোষণা করেছেন। এর ফলে জেলার বিভিন্ন হিমাগার (কোল্ড স্টোরেজ) থেকে সব ধরনের আলু বের করা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে ভাড়া নির্ধারণের কারণে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
আজ সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন আলু আড়ত ও পাইকারি বাজারে কেনাবেচা কার্যক্রম বন্ধ দেখা যায়। হিমাগার থেকে আলু উত্তোলন বন্ধ থাকায় বাজারে সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, ভাড়া সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে আলু ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে কৃষক, পাইকার ও খুচরা বিক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় এ অবস্থা চলতে থাকলে বাজারে আলুর সরবরাহ সংকট এবং মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীদের দাবি ও পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *