মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬” ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষিকে আরও টেকসই ও আধুনিক করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলার বিভিন্ন স্টলে কৃষক, কৃষাণী ও আগ্রহী দর্শনার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ লাভ করেন।
মেলায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক, রাজশাহী জেলার সম্মানিত উপপরিচালক, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ।
মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এ সময় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিন দিনব্যাপী এ মেলায় বিপুল সংখ্যক কৃষক, কৃষাণী ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬” সফলভাবে শেষ হয়।
