মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার

রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় তানোর উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ধামধুম থেকে ভূষনা মাদার খাল এবং দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাক্কলিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএমডিএ) কর্তৃক ধামধুম-ভূষনা মাদার খালের ৩ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত ৫ দশমিক ৫৫ কিলোমিটার খাল খননের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বর্তমানে খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, ধামধুম থেকে ভূষনা খালের দুই পাড়ের সগুনা, মাকরান্দা, শিররামপুর ও সাতপুকুড়িয়া মৌজায় প্রায় ৬৮০ বিঘা কৃষিজমি রয়েছে। পদ্মা নদী থেকে খননকৃত খালে পানি সরবরাহের জন্য পন্টুন ও পাম্প স্থাপনের কাজ চলমান আছে। কাজ শেষ হলে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে ওই এলাকার ৬৮০ বিঘা জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাসহ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি খালের পাড়ের ভাঙন রোধ এবং প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তানোর উপজেলা সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *