মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তা দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, তানোরের আয়োজনে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
