মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা। শনিবার (১৮ জুলাই) রাতে পরিচালিত পৃথক দুটি সফল অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামি এবং ১ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ)-এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত প্রায় ৮টা ৫ মিনিটে তাজহাট থানাধীন আশরতপুর চকবাজার এলাকায় নিজ বাড়ি থেকে দায়রা-৭৬৫/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. আসাদুজ্জামান গনি (মিলন)-কে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এএসআই (নিরস্ত্র) অমৃতা নন্দ রায়। পরে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
একই রাতে রাত প্রায় ৮টা ৫০ মিনিটে তাজহাট থানাধীন হেলাল প্রেস লিচুবাগান মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছা. নাসিমা ওরফে বুন্দি (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাজহাট থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযান মহানগরে মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন। অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গড়তে পুলিশের এমন তৎপরতাকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।
