সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় গত ২৮ জুন রাত ৯টা ৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চর হোসেনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চর পুম্বাইল (৩ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদিন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।
