সৈয়দ মুনিরুল হক নোবেল
‘বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগ, জামালপুরের যৌথ আয়োজনে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুবাশ্বিরা হক এবং ময়মনসিংহ বিভাগীয় বন সংরক্ষক কাজী মোঃ নূরুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার এবং বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ অনুষ্ঠানের প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে সামাজিক বনায়ন ও ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
মেলায় বিভিন্ন নার্সারির অংশগ্রহণে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং মেলার সফলতা কামনা করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *