মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর এলাকার হাতের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত সেকেন্দার আলীর ছেলে মাহবুবুর রহমান (৩৭), কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি এলাকার কামাল উদ্দিনের ছেলে মামুন (৩৮) এবং মৃত চান মিয়ার ছেলে মিলন (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারের নেতৃত্বে ভেলামারি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চারজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *