মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকার অপহরণ হওয়া দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩। একই অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবীব (২২)কে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে আহসান হাবীব দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে অভিযুক্তের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালেও মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে।
এর জেরে গত ৩১ মার্চ রামনাথের ভিটা মণ্ডলপাড়া এলাকায় চাচার বাড়িতে অবস্থানকালে বাড়ির বাইরে বের হলে আহসান হাবীব ও তার সহযোগীরা কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২২)।
মামলার পর র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের আসাদুলের বাড়িতে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।
এরপর রোববার ভোররাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি আহসান হাবীবকে গ্রেফতার করে।
গ্রেফতার আহসান হাবীব গাইবান্ধা সদর উপজেলার রামনাথ ভিটা (বালুচর) গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।
র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *