সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বুদ্ধি প্রতিবন্ধী আলমগীর হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি দল র্যাব-৭, সিপিসি-২, চট্টগ্রামের সহায়তায় ২০ মে বিকাল ৫টা ৩৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ছোট পোল ও ডবলমুরিং থানার ছোট পোল এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে গফরগাঁও থানার বুদ্ধি প্রতিবন্ধী আলমগীর হোসেন ওরফে আলম হত্যা মামলার এজাহারনামীয় আসামি আমান মিয়া, ৪০; পারভীন, ৪০; ও রিয়া, ২০—সবাইকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে নিহতের পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২৬ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা আলমগীর হোসেন ওরফে আলমকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে আমান মিয়ার হাফ বিল্ডিং ঘরের ভেতর মুখ ও হাত-পা বেঁধে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা মোঃ ছফরুদ্দিন বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-২৭ মার্চ ২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
মামলা রুজুর পর থেকে র্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
