মোরশেদ মিয়া
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবে চার শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড় ও দমকা হাওয়ায় অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা ঘর। এছাড়া গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতভর আতঙ্কে ছিলেন চরাঞ্চলের বাসিন্দারা।
রোববার দিবাগত মধ্যরাতে হঠাৎ প্রবল ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন চর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় তারা ঘরবাড়ি রক্ষার সুযোগ পাননি। ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়ায় অনেকেই রাত কাটিয়েছেন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে। একই সঙ্গে কৃষকদের স্বপ্নের ফসলও নষ্ট হয়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।
