নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের আকুয়া গন্দ্র-পা এলাকার কালভার্ট ব্রিজ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার বা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় ভারী ও হালকা যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৭ বছরেও এই এলাকার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তা ও ব্রিজের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙা কালভার্ট ব্রিজ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
