সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক অভিযানে অপহরণ মামলার দুই মূলহোতাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। একই সঙ্গে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৪ জানায়, ভুক্তভোগী মনির হোসেন (৩৫) ফুলবাড়িয়া উপজেলার বৈলাজান এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তার পরিচিত শামছুদ্দিন (৩৮) তার কাছ থেকে ১১ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে গত ১১ জুলাই মনিরকে আকুয়া বাইপাস এলাকায় ডেকে সিএনজিযোগে চরগোবীন্দপুরের একটি মৎস্য খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৪ সদর কোম্পানি অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আকুয়া বাইপাস এলাকা থেকে অপহরণ মামলার দুই মূল অভিযুক্ত মুরাদ হোসেন (৩০) ও ফজর আলীকে (২৬) গ্রেফতার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদ হোসেনের মৎস্য খামারে অভিযান চালিয়ে অপহৃত মনির হোসেনকে জীবিত উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা বাইপাস এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজিম উদ্দিন (৪৫)-কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *