নিজস্ব প্রতিবেদক
হিজলা (বরিশাল)
বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা ইদ্রিস হুজুর (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় উপজেলার ৪নং বড় জালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খুন্না গোবিন্দপুর এলাকায় সরকারি হিজলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা ইদ্রিস হুজুর উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র। তিনি আলীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ছাগলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ দুপুরে মাওলানা ইদ্রিস হুজুর সরকারি হিজলা কলেজের মসজিদে জোহর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। তিনি সরকারি হিজলা কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয় এবং তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২:৫০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
