মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বালুভর্তি ২টি মিনি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুর মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ২৫ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স জলকড়িয়া গ্রামস্থ মোঃ ফজলু মিয়ার ভূট্টা ক্ষেতের সামনে পালিচড়া হতে কাশেম বাজারগামী পাকা সড়কে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ হাফিজুল ইসলাম (৪৫), মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ রুবেল মিয়া (২৫), মোঃ রিপন মিয়া (২৯), মোঃ হামিদুল ইসলাম (৩১) ও মোঃ শহিদুল ইসলাম (৩২)। এদের মধ্যে কয়েকজন কোতয়ালী থানা এবং কয়েকজন হাজীরহাট থানার বাসিন্দা।
অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত বালুভর্তি ৬ চাকার EICHER ব্র্যান্ডের হলুদ ও নীল রঙের ২টি মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাক দুটির একটি ঢাকা মেট্রো-ড-১১-১১৪১ এবং অন্যটি সিলেট-ড-১১-১০০০ নম্বরের।
এ ঘটনায় আরও ২ জনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন মোঃ শহিদুল (৩৫) ও মোঃ সাহেব আলী (৬০)।

এ বিষয়ে হাজীরহাট থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *