মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে পৃথক দুটি অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক সেবনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে স্থানীয়দের অভিমত।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ সাজ্জাদ হোসেন, এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডল এবং সঙ্গীয় ফোর্স ৫ জুলাই দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে হাজীরহাট থানার ১২ নম্বর ওয়ার্ডের জলকড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ ওরফে ডিস বাবুর বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শিমুল মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী হারুনুর রশিদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে একই রাতে রাত সাড়ে ১০টার দিকে হাজীরহাট শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৃথক আরেকটি অভিযানে ইয়াবা সেবনের সময় মোঃ রুহুল মোসাদ্দেক (৪৭) নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *