মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
সারের দাম বেশি রাখলেই সারের লাইসেন্স বাতিল করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বন্যায় কৃষির ক্ষতি ঠেকাতে উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বন্যার ক্ষতি কমাতে হাওরাঞ্চলে আগাম জাতের বিরি-১১৮ জাতের ধান অবমুক্ত করা হবে। যে ধান আগে রোপন করে আগেই ফলন তোলা সম্ভব। তাই এই মৌসুমে ৩০ টন বীজ হাওরাঞ্চলে সরবরাহ করা হবে, পরের মৌসুমে যেন বীজের কোন সঙ্কট না হয়। এছাড়া স্যালাইন টলারেন্স জাতের ধান উপকূলীয় অঞ্চলে অবমুক্ত করা হবে।
মন্ত্রী গতকাল শনিবার (১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী বছরের মধ্যেই খাল খনন কর্মসূচির শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। খাল পুনঃখননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণ সম্ভব হবে, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় গরু ও ছাগলের জন্য সরকারি উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, যাতে প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
এসময় উপস্থিত ছিলেন খামার বাড়ির সরেজমিন উইং এর পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক মোঃ রওশন আলম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তর এবং সংস্থার কর্মকর্তারা।
