মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) রাতে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের একটি দল বনগ্রাম ইউনিয়ন-এর উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টাকার বিনিময়ে তাসের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)। তারা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও ৮ থেকে ৯ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাদুল্লাপুর থানা-এ মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, দায়ের করা হয়েছে। মামলাটি প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
