মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া ও গোবিন্দপুর এলাকার যমুনা নদীতে বলগেট (ড্রেজার) ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে সাঘাটা থানা পুলিশ। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন ২০২৬) সকালে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে রানা মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জব্দকৃত সরঞ্জামসহ তাকে সাঘাটা থানায় নিয়ে আসা হয়।
আটক রানা মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারী থানার মোবাইডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে। পরবর্তীতে তার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে সাঘাটা ইউনিয়ন ভূমি অফিসারের দায়ের করা অজ্ঞাতনামা মামলার (মামলা নং-৫) সন্দেহভাজন আসামি হিসেবেও রানা মিয়ার নাম তদন্তে উঠে আসে।
এদিকে যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নদী ভাঙন, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমি হুমকির মুখে পড়ার আশঙ্কায় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *