নিজস্ব প্রতিবেদক
হিজলা
বরিশাল জেলার হিজলা উপজেলার ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় জনসাধারণ। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আজ ৭ জুন (রবিবার) বাদ আসর ৫ নং ওয়ার্ড কাউড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনসাধারণের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মন্টু দপ্তরি।
সভায় বক্তারা কাউড়িয়া বাজার ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা, সেবন এবং এর সাথে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন হাওলাদার,মোঃ ফারুক হাওলাদার, (বিশিষ্ট ব্যবসায়ী) আরিফ হোসেন মৃধা (সমাজসেবক) মোঃ হোসেন সরদার, খলিল সরদার,কাজী মাহফুজ,মোঃ রাসেল মাল,মাহবুব দপ্তরী সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন,আমরা কাউড়িয়া বাজার ও পুরো গুয়াবাড়িয়া ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত করতে বদ্ধপরিকর। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোর হস্তে প্রতিরোধ করব। এলাকায় কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সভায় উপস্থিত সাধারণ জনগণ বক্তাদের এই আহ্বানের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অনতিবিলম্বে কাউড়িয়া বাজার এলাকা থেকে মাদকের সব ধরনের সিন্ডিকেট নির্মূল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও নিয়মিত অভিযানের দাবি জানান। সভা শেষে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এলাকায় একটি সংক্ষিপ্ত শক্ত অবস্থান প্রদর্শন করা হয়।
