মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র সটাফ রিপোর্টার
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
রাজশাহীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, সামাজিক বন বিভাগ বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের একটি জাতীয় আন্দোলন। এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
