মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগ, দুর্গাপুর পৌরসভা এবং উপজেলার সাতটি ইউনিয়নের যৌথ উদ্যোগে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিকে সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *