মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহমান, মোঃ মহসিন ও আব্দুল আলিম। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় শামীম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়িটি ঘিরে রেখে তল্লাশি চালালে বিভিন্ন বস্তা ও প্যাকেটের মধ্যে রাখা প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *