মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে আরপিএমপি কোতয়ালী থানাধীন ২২ নং ওয়ার্ডের আলমনগর মৌজার বাবুখা বালাপাড়া গ্রামের বালাপাড়া ফারুক মোড়ে আলভীয়া ছাত্রীনিবাসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোছাঃ রিক্তা বেগম ওরফে শাকওয়ালী (৪০)। তিনি বাবুখা বালাপাড়া এলাকার ভাসমান বাসিন্দা এবং রেলওয়ের জমিতে বসবাস করতেন। তার পিতার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীর ঝাড় এলাকায়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিক্তা বেগমকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা। এছাড়াও মাদক বিক্রয়ের নগদ ২৯০ টাকা জব্দ করা হয়েছে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
