মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই) পৃথক তিনটি অভিযানে একটি মামলার এজাহারনামীয় আসামি এবং দুইজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পশ্চিম গণেশপুর এলাকা থেকে জিআর ৩০৭/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাটবাড়ী মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার মামলা নং-১১ (তারিখ: ৪ জুলাই ২০২৬)-এর এজাহারনামীয় আসামি মোঃ শাওন মিয়া (৩০)-কে আটক করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।
একই দিনে রাত ৮টা ৩০ মিনিটে সাঁওতালপট্টি জেএল রায় রোড এলাকা থেকে জিআর ২৯/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শ্রী মিলন রাম রায়কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত তিন আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করছে। আইন প্রয়োগে পেশাদারিত্ব, দ্রুততা ও দায়িত্বশীলতার জন্য স্থানীয়দের কাছেও পুলিশের এই কার্যক্রম প্রশংসিত হচ্ছে। পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
