মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা পুলিশের রাত্রীকালীন টহল অভিযানে জনসাধারণকে উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় টহল ডিউটি পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ এরশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি রংপুর মেডিকেল এলাকার সামনে লোকজনকে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান, উত্যক্ত এবং হিংসাত্মক আচরণের মাধ্যমে চিৎকার করে মারমুখী ভীতি প্রদর্শন করছিলেন।
গ্রেফতারকৃত এরশাদ মিয়ার বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার একরচালী এলাকায়। তিনি মৃত জনাব আলীর ছেলে।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৮ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে কোতয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
