মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত ১টা ৩০ মিনিটে আরপিএমপির কোতয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের নিউ জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকার ইউসেপ স্কুলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মঞ্জুর আলম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জুর আলমের বাড়ি রংপুর মহানগরের কোতয়ালী থানার কামাল কাছনা (শালবন শাহীপাড়া) এলাকায়। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
