মোঃ নাসিরউদ্দিন
স্টাফ
রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের ডুলাহাজারায় এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধনে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাগমারা উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনকে সঙ্গে নিয়ে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সেলিম আহমেদ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের এ কর্মসূচির আওতায় নারী, যুবক-যুবতীসহ সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
