মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ (বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অসাধু উপায়ে ওজন বাড়াতে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জেলিমিশ্রিত ১০ কেজি অসাস্থ্যকর ও ভেজাল চিংড়ি জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে ক্ষতিকর জেলি প্রয়োগ করে তা বাজারে বিক্রি করে আসছিল। এ ধরনের ভেজাল ও অনিরাপদ খাদ্য গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য রক্ষায় এই অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ বিপজ্জনক। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কেবল প্রশাসনের নজরদারিই যথেষ্ট নয়, বরং ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা—উভয়কেই সচেতন হতে হবে। সুস্থ ও রোগমুক্ত সমাজ গড়তে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *