মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
পাবনার সদর উপজেলার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি গ্রামের দারোগ শেখের ছেলে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তিনি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বালুর নিয়ন্ত্রণ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলে মঞ্জু শেখ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
