রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিষপানি দারার পাড় এলাকায় টানা ভারী বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ধসে পড়েছে। এতে অন্তত দেড় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সড়কটি ওই এলাকার মানুষের প্রধান চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের ফলে সড়কের একটি বড় অংশ ধসে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে এ এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়কটি ধসে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এলাকাবাসীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিক।
এ বিষয়ে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, “দীর্ঘদিন আগে থেকেই বিষয়টি আমার নজরে এসেছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপাতত চলাচলের জন্য একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে সড়কটি আরও বেশি ভেঙে পড়ছে। তাই স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”তিনি আরও বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগ কমবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।
