সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) দাপুনিয়া কাওয়ালটি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মনিটরিং করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক প্রতি রোববার কর্মসূচি পালনের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সচেতন হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোগমুক্ত, স্বাস্থ্যসম্মত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *