রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা (অধিকারীপাড়া) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। এ সময় বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ, এমপি শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ তুলে দেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি শুধু সহমর্মিতা নয়, বরং অধিকার ও মর্যাদার সঙ্গে পাশে দাঁড়ানো প্রয়োজন।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়ক সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি গাছের চারা প্রদান শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *