নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব সালমা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিজিপি ও বিজিএফ কর্মসূচির খাদ্যশস্য বিতরণে অনিয়ম, জন্ম ও মৃত্যু সনদসহ বিভিন্ন সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রশাসনিক নানা অসঙ্গতির কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত বিজিপি ও বিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। উপকারভোগীদের তালিকা ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন একাধিক স্থানীয় বাসিন্দা।
এছাড়াও জন্ম সনদ, মৃত্যু সনদ এবং অন্যান্য নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের আরও অভিযোগ, একই ইউনিয়ন পরিষদে বারবার বদলির ঘটনা ঘটলেও বিভিন্ন কারণে তা কার্যকর হচ্ছে না, যা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।তিনি এই ইাউনিয়নে বারবার বদলি হয়ে আসছেন।কি এমন মধু এই ইউনিয়নে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে সচিব সালমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, অভিযোগগুলোর সত্যতা যাচাই ও তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলে মনে করছেন স্থানীয়রা।
