নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা স্বাস্থ্য বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান নাটাব, উশিকা সমাজকল্যাণ সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, জেলা কৃষি বিভাগ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো. সাইফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, তামাকের ব্যবহার কমাতে এবং একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জেলার সর্বস্তরের মানুষের মধ্যে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
