মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবহার করতে বাধ্য করার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৬ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে অবস্থান করে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে অতিরিক্ত ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য করছিল। এ কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ওমেদ আলী (২৬), রানা মিয়া (৩৪), রাজু মিয়া (৪০), বিপ্লব মিয়া (২৪), ফরহাদ হোসেন (৪২), আরাফাত হোসেন আপলে (২২) ও মারুফ হোসেন (২৬)।
পুলিশের দাবি, চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালকেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
আরপিএমপি জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *