সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত কাউসার অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
আজ রবিবার দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪, ময়মনসিংহ এর সদর কোম্পানির আভিযানিক দল র্যাব-১০, কেরানীগঞ্জের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মোঃ আলমগীর (২), জেলা-ময়মনসিংহ।
*মামলার বিবরণ*
মামলার বাদী ও অপহৃত ভিকটিম কাউসারের পিতা মোঃ আব্দুল হেলিম (৩০), পেশায় অটোরিকশা চালক, সাং-উজান কাশিয়ারচর, থানা-গৌরীপুর। বিগত ১৯ জুন ২০২৪ রাত আনুমানিক ৯টার দিকে বাদী বাড়ি ফিরে ছেলে কাউসারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মায়ের কাছ থেকে জানতে পারেন, এজাহারনামীয় অভিযুক্তরা কাউসারকে ডেকে নিয়ে গেছে। দীর্ঘ সময়েও সন্ধান না পাওয়ায় এবং অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আব্দুল হেলিম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলী আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে গৌরীপুর থানায় নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। আদালতের আদেশে ৩ জুন ২০২৫ গৌরীপুর থানায় মামলা নং-০৩, ধারা-১৪৯/৩৬৪/২১/২৫/২০১/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়।
মামলা রুজুর পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১৪ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ প্রধান অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপহৃত কাউসারকে দ্রুত উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
