বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় হার্ডওয়্যারের দোকানে বসে অনলাইনে জুয়া খেলার সময় মোঃমাহাবুর রহমান (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও জুয়া খেলার প্রমাণ হিসেবে ৩৭ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া ক্যাপাসিটি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মাহবুব হার্ডওয়্যার’ দোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মাহাবুর রহমানকে আটক করা হয়।
আটক মাহাবুর রহমান কলমাকান্দা থানার তারানগর (পোস্ট-লেংগুড়া বাজার) এলাকার মোঃ রমজান মিয়া ও মাজেদা খাতুনের ছেলে।
অভিযানের পর তার দেহ ও আশপাশের এলাকা তল্লাশি করে নিজ হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে ওই মোবাইল ফোনে থাকা অনলাইন জুয়া-সংক্রান্ত ৩৭ পাতার স্ক্রিনশটও আলামত হিসেবে সংগ্রহ করা হয় বলে জানিয়েছে ডিবি।
জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক মাহাবুর রহমানের বিরুদ্ধে কলমাকান্দা থানায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, যুবসমাজকে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *