সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায় ও সঙ্গীয় ফোর্স ২ আগস্ট ২০২৬ বিকেল ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দিগারাকান্দা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি স্কুটি, যার আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা, জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছেন যে, তিনি স্কুটিতে করে ইয়াবা বহন করে কোতোয়ালী মডেল থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *