সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় যৌথ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কোতোয়ালী থানাধীন র‌্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাফাত আকন্দ (২৬), স্বপন মিয়া (২৫), নয়ন (৩৫) ও রবিন (২৮)-কে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত কয়েকদিনে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের ধারাবাহিক যৌথ অভিযানে মোট ৫৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান এ অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *