ময়মনসিংহে পৃথক অভিযানে নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার এক আসামিসহ ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২১ জুলাই বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার আসামি আল আমিন (৪০)-কে গ্রেপ্তার করে। একই দিনে ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি রাহুল ওরফে সুলতান (২১) এবং মো. ইয়াছিন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, পর্নোগ্রাফি মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ের আলোচনার সময় ভুক্তভোগীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। একপর্যায়ে তিনি কৌশলে ভুক্তভোগীর কিছু ব্যক্তিগত ছবি ধারণ করেন। পরে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ৬ জুলাই কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, গ্রেপ্তার রাহুল ওরফে সুলতান কোতোয়ালী থানার ডাকাতি প্রস্তুতি মামলার এবং মো. ইয়াছিন ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার এড়াতে তিন আসামিই দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানিয়েছে, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *