ময়মনসিংহ ও ঢাকার সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এক সন্দেহভাজন, মাদক মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং দ্রুত বিচার আইনের এক সাজাপ্রাপ্তসহ মোট চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ১৯ জুলাই বিভিন্ন সময়ে ময়মনসিংহ সদর ও সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া হত্যা মামলার সন্দেহভাজন রিজাউল (৩৯) ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি ত্রিশাল থানায় দায়ের হওয়া বৃদ্ধ আব্দুল হাই হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল হাই (৬৫) ত্রিশালের সাখুয়া শেখ বাজার এলাকায় মাছের ব্যবসা করতেন এবং শ্যালকের ফার্নিচারের দোকানে রাতে অবস্থান করতেন। গত ৯ এপ্রিল রাতে দোকানে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরদিন উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া, কোতোয়ালী থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তফা জামাল হায়দার (৩৫) ও হাফিজুল (৪২) এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত রবিন (৩৮)-কেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানিয়েছে, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *