মোক্তার হোসেন গোলাপ
মিঠামইন
কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় ৩ ভাড়াটে খুনিসহ মোট ৫ জনকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগে মিঠামন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন খোকাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, মিঠামইন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৯জুলাই জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেফতারকৃত ৩ ভাড়াটে খুনিসহ মোট ৫ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড মনজুর হওয়া ৫ আসামী হলেন বরগুনার বামনা উপজেলার মৃত সুলতানের ছেলে হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে মহিউদ্দিন (৩২), একই উপজেলার রহমতুল্লাহর ছেলে শাহিনুর আলম ওরফে শাকিল (২৭), আটককৃত দুর্বৃত্তকে স্পিড বোট দিয়ে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় মিঠামইন উপজেলার ঘাগড়ার ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন(৪০) এবং কাজীপাড়া গ্রামের মৃত চান্দালীর ছেলে আব্দুর রউফেকে (৬৭ ) গ্রেফতার করে আদালতের সোপর্দ করা হলে আদালত তাদেরকেও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে নিয়ে পুলিশ হত্যার মূল পরিকল্পনা, অর্থের উৎস এবং পেছনের পৃষ্ঠপোষকতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে এই হত্যাকাণ্ডের পর গত ১৯ জুলাই বিএনপির সহযোগী সংগঠন মিঠামইন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন খোকাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্র বলছে, সাংগঠনিক শৃঙ্খলা ও চলমান মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদ রাহাত ইসলাম সাগর আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়েছেন।
আটকৃ এক আসামির জবানবন্দীর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে খোকার নাম আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হচ্ছে, খোকা ৩ খুনিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের করে এনে জাহাঙ্গীরকে হত্যা করিয়েছে।তবে অভিযোগ ঘিরে ফেসবুক ও স্থানীয় গ্রুপগুলোতে খোকাকে দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন অনেকে।
