মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জুয়া প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাজীরহাট থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মোঃ আনারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পশ্চিম রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় ওই ব্যক্তিকে আটক করেন।
অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন রঙের ৫২টি তাস এবং নগদ ২০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় হাজীরহাট থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, জুয়া ও মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে আরপিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এমন ধারাবাহিক তৎপরতা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সচেতন মহল মনে করছে।
