মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক রোমান মিয়া( ২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই/২৬) সকাল ৬টা ৩০ মিনিটে পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) এবং নেত্রকোণাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছোট ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত চালক রোমানের বাড়ি মদন উপজেলা,পিতার নাম মো: সবুজ মিয়া,মাস ছয়েক পূর্বে তিনি নতুন বিবাহ করেছিলেন।
নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমান নেট্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম।
