সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে ১০ জুলাই সন্ধ্যা ও রাতে জেলার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানে মুক্তাগাছা উপজেলার চক লাঙ্গুলিয়া এলাকায় রাত ৭টা ২৫ মিনিটে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
অপরদিকে একই দিন রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার সুতিয়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আশরাফুল (২৬) ও মো. রফিকুল ইসলাম (৪৫) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।
