মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার বিলকুমারী বিল এলাকার মাঠে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বে অভিযানে পিএসআই মো. তুহিন ভূঁইয়া, এএসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আছান আলী (২২), পিতা: মৃত আব্দুর রহমান, গ্রাম: তাতিয়ারপাড়া, থানা: তানোর, জেলা: রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তানোর থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
